এমএনএ রাজনীতি ডেস্কঃ আন্দোলনের নামে কেউ রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সিআইডি কার্যালয়ে ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’ প্রশিক্ষণ শীর্ষক কোর্সের সনদ বিতরণে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
আসাদুজ্জামান খান বলেন, ‘আজ যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। রাস্তাঘাট বন্ধ না করে। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করে।’
বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।
১১ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যদলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

