Don't Miss
Home / হোম স্লাইডার / কাতালোনিয়ার জাতীয় দিবসে সমাবেশে ১০ লাখ লোক

কাতালোনিয়ার জাতীয় দিবসে সমাবেশে ১০ লাখ লোক

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কাতালোনিয়ার জাতীয় দিবস উদযাপন ও স্বাধীনতার পক্ষে অব্যাহত সমর্থন তুলে ধরতে প্রায় ১০ লাখ লোক বার্সেলোনার বিভিন্ন সড়কে জমায়েত হয়েছিলেন। গত অক্টোবরে স্পেন থেকে বিচ্ছিন্নের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এই প্রথম কাতালোনিয়া দিনটি উদযাপন করেছে।

গতকাল ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার ছিল ছুটির দিন; ১৭১৪ সালের এই দিনটিতে রাজা ফিলিপের সৈন্যদের হাতে বার্সেলোনার পতন হয়েছিল। এই দিবসটি স্মরণেই এদিন বার্সেলোনার সড়কে জমায়েত হয়েছিলেন কাতালানরা।

বিবিসি জানিয়েছে, গত আট বছর ধরে এই দিনটিকে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে সমাবেশ করার জন্য ব্যবহার করা হচ্ছে।

গত অক্টোবরে স্পেন ভেঙে কাতালুনিয়ার স্বাধীন দেশ হওয়ার ব্যর্থ চেষ্টার পর প্রথমবারের মতো বার্ষিক এই সমাবেশটি হল।

সমাবেশে লাল-হলুদ কাতালান পতাকা হাতে লাল শার্ট পরা লাখ লাখ প্রতিবাদকারী ড্রাম পিটিয়ে, হুইসেল বাজিয়ে স্বাধীনতার পক্ষে স্লোগান দেন। গত বছরও এই দিবসটিতে প্রায় একই সংখ্যক লোক বার্সেলোনার রাস্তায় জমায়েত হয়েছিল।

কাতালান অঞ্চলের প্রেসিডেন্ট কিম তোরা ও তার পূর্বসূরি কার্লোস পুজদেমন, ‍যিনি স্বাধীনতার ব্যর্থ চেষ্টার পর পালিয়ে বেলজিয়ামে গিয়ে নির্বাসনে আছেন, বিক্ষোভ প্রদর্শনের জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাবেশ শেষে কিম তোরা বলেন, আমরা অন্তবিহীন যাত্রা শুরু করতে যাচ্ছি।

সমাবেশে যোগ দেয়া প্রতিবাদকারীরা মানব টাওয়ার গড়ে তোলেন এবং আটক বিচ্ছিন্নতাবাদী নেতাদের মুক্তি দাবি করেন। গত বছর স্বাধীনতা ঘোষণার পর এসব কাতালান নেতাকে গ্রেফতার করা হয়েছিল।

গত বছরের ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট আয়োজন করেছিল কাতালোনিয়া। এর পর ২৭ অক্টোবর একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।

কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত ওই পদক্ষেপকে অবৈধ বলে রায় দেয়ার পর মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর কেন্দ্রীয় শাসন জারি করে।

গণভোট ও স্বাধীনতা ঘোষণার বার্ষিকীগুলোতেও আরও প্রতিবাদ প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জুলাইতে করা এক জরিপে দেখা গেছে, ৪৬ দশমিক সাত শতাংশ কাতালান স্বাধীনতার পক্ষে এবং ৪৪ দশমিক নয় শতাংশের অবস্থান এর বিপক্ষে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...