Don't Miss
Home / আজকের সংবাদ / কাবুলের কূটনৈতিক পাড়ায় বিস্ফোরণ, নিহত ৮০

কাবুলের কূটনৈতিক পাড়ায় বিস্ফোরণ, নিহত ৮০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আজ বুধবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮০ জন নিহত এবং অন্তত ৩৫০ জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির খবরে জানা গেছে, স্থানটি দেশটির রাষ্ট্রপতিভবন ও বিদেশি দূতাবাসের মাঝামাঝি।

স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ওয়াজির আকবর খান এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে। সাড়ে তিন শ’ লোককে আহত অবস্থায় কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুলের যে স্থানটিতে এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার আশপাশে বিভিন্ন দেশের দূতাবাস। প্রেসিডেন্টের বাসভবনও খুব বেশি দূরে নয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শক্তিশালী এ বিস্ফোরণে ১০০ মিটার দূরের বাড়ির দরজা জানালা কেঁপে উঠে।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, জার্মান দূতাবাসের প্রবেশপথের কাছে এ বিস্ফোরণ হয়। এটি গাড়িবোমা বিস্ফোরণ। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে। ঠিক কোনটিকে লক্ষ্য করে এই হামলা, তা বোঝা যাচ্ছে না।

কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এতে প্রাথমিকভাবে ৮০ জন নিহত ও অন্তত ৩৫০ জন আহত হয়েছে। শতশত মিটার দূরেও বিস্ফোরণটির আঘাত হানার খবর পাওয়া গেছে। এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কেন্দ্রীয় জাবাব চত্বরের কাছে একটি গাড়িতে এই ভয়াবহ বিস্ফারণ হয়।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো অব্যাহত রয়েছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কাবুলের আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ভাসতে থাকে। এছাড়া কাবুল থেকে বিবিসির প্রতিবেদক হারুন নাজাফিজাদা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এসময় আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের স্থানসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে কাবুলে অনেকগুলো ভয়াবহ হামলা চালানো হয়েছে। আর এর মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির খারাপ অবস্থা তুলে ধরছে। এ মাসের শুরুতেই দেশটিতে মার্কিন দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় ন্যাটো বহরকে লক্ষ্য করে চালানো একটি হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়।

বিস্ফোরণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় জানান, কাবুলে বিস্ফোরণে ভারতীয় দূতাবাসের সব স্টাফ নিরাপদে আছেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে দূতাবাসটির অবস্থান। এমন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবরে খুব দ্রুতই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...