এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বৃহস্পতিবার ভোরে আত্মঘাতী জঙ্গি হামলায় তিন সৈন্য নিহত হয়েছেন। সৈন্যদের পাল্টা আক্রমণে নিহত হয়েছেন দুই জঙ্গিও।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কাশ্মীরের কুপওয়াড়ার চোকিবল এলাকার সেনাছাউনিতে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় একজন মেজর, এক কমিশন অফিসার ও এক জওয়ান নিহত হন।
আজ বৃহস্পতিবার ভোররাত চারটা নাগাদ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত চার আত্মঘাতী জঙ্গির একটি দল অতর্কিতে
এই সেনাশিবিরে হামলা চালায়। নিয়ন্ত্রণরেখা থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকা এই সেনাশিবিরে হামলা হয়। প্রায় চার ঘণ্টা ধরে গোলাগুলি চলে।
এই ঘটনায় আহত হয়েছেন ছয় জন সৈন্য। সৈন্যদের পাল্টা গুলিতে নিহত হয়েছেন দুই জঙ্গিও। বাকি দুজনের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে গোটা এলাকায়। ধারণা করা হচ্ছে, জঙ্গিরা জৈশ-ই-মহম্মদের সদস্য। তবে এটি আত্মঘাতী হানা কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি সেনার তরফ থেকে।
উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনা ছাউনিতে এমনই আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৯ জন জওয়ানের।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

