এমএনএ খেলাধুলা ডেস্ক : হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়ার আক্ষেপে পুড়ছিল ভারত। তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সময়টা ভালোই যাচ্ছে টিম ইন্ডিয়ার। জয়পুরে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় ভারত। এরই ধারাবাহিকতায় পরের ম্যাচেও কিউইদের হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
এবার দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ব্ল্যাকক্যাপদের হোয়াইটওয়াশের লক্ষ্য রোহিত শর্মাদের। অন্যদিকে, হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না নিউজিল্যান্ড। প্রতিপক্ষকে সমীহ করেই হারের আক্ষেপ ভুলে জয় পেতে চায় সফরকারীরা।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয় পায় ভারত। এর পরের টি-টোয়েন্টি ম্যাচে আরও সহজভাবে জয় পায় রোহিত শর্মার দল। ৭ উইকেটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে ভারত। ইডেনে জিতে ৩-০ করতে চাইবে ভারত। তার জন্য টস জেতা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে রোহিতের জন্য।
এই সিরিজে প্রথম দুই ম্যাচ খেলে ১০৩ রান করেছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১৪১ রান করে ফেলেছেন তিনি। আর ৮৭ রান করলেই কোহলিকে টপকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের মালিক হবেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান ৩২২৭। ভারতীয়দের মধ্যে যা সবচেয়ে বেশি। রোববার কোহলিকে টপকাতে পারবে ভারতের অধিনায়ক?
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

