Don't Miss
Home / রাজনীতি / খালেদা জিয়াকে জেলে ফেরানোর বিষয়ে ফের ভাবতে হবে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

খালেদা জিয়াকে জেলে ফেরানোর বিষয়ে ফের ভাবতে হবে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে দলটির নেতাদের লাগাতার বক্তব্যে সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইন অনুযায়ী খালেদা জিয়াকে আবার জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে একটু চিন্তা-ভাবনা করতে হবে।

সোমবার (৫ জুলাই) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বৈঠকে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে, বেগম জিয়া আদালত থেকে জামিন না পাওয়ার পরও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে; মনে হচ্ছে সেটি আমাদের ভুল। এখন এটি পুনর্বিবেচনা করতে হবে, খালেদা জিয়াকে আইন অনুযায়ী আবারও জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা।’

সংসদে প্রধানমন্ত্রী অপ্রিয় সত্য বলায় বিএনপির গাত্রদাহ হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্টদের নিয়ে দল গঠন করে রাজনীতি করেছেন। অর্থাৎ এই দলটির জন্মই হচ্ছে অবৈধ, যেটি হাইকোর্টও তাদের রায়ে বলেছে। মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, রিজভী আহমেদসহ বিএনপি’র প্রথম সারির নেতারা সবাই অন্য দল করতেন এবং ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যেই বিএনপিতে যোগ দিয়েছিলেন। এ কারণে এটি বলাতে তাদের গাত্রদাহ হচ্ছে। আসলে বিএনপির সত্যটাকে মেনে নেওয়া প্রয়োজন, কারণ অসত্যের ওপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৪ নির্বাচনের আগে খালেদা জিয়াকে যখন ফোন করেছিলেন, তখন কেমন অশালীন ভাষায় বেগম জিয়া কথা বলেছিলেন জনগণ সেটি দেখেছে। বেগম জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর মৃত্যুর পর সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ২০ মিনিট দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু বেগম জিয়া দরজা খোলেননি। যারা এমন অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দ মানায় না।’

এসময় তথ্য সচিব মকবুল হোসেন, বিএসারএফের সভাপতি তপন বিশ্বাস, সহ-সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সংগঠেনর সহ-সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহিদুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...