এমএনএ অর্থনীতি রিপোর্ট : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারি ৮ ব্যাংকের খেলাপী ঋণের পরিমান ২৮ হাজার ৫৪০ কোটি ৬৭ লাখ। ২০১৬ সালের ৩১ মার্চ স্থিতিভিত্তিক শ্রেণিকৃত ঋণ বিবরণী অনুযায়ী সরকারি ব্যাংকগুলো থেকে মোট ঋণের পরিমান ১ লাখ ৩৩ হাজার ৮৩৪ কোটি ৩ লাখ টাকা। এ মধ্যে খেলাপীর ঋণের পরিমাণ ২৮ হাজার ৫৪০ কোটি ৬৭ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশনে লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য এমএ আউয়ালের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে এ তথ্য দেন।
মন্ত্রী জানান, অগ্রণী ব্যাংক লিমিটেডের মোট খেলাপী ঋণের পরিমাণ ৪ হাজার ৫৮৮ কোটি ১৩ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মোট খেলাপী ঋণের পরিমাণ ৬৩০ কোটি ১২ লাখ টাকা, বেসিক ব্যাংক লিমিটেডের মোট খেলাপী ঋণের পরিমান ৬ হাজার ৩০০ কোটি ৮২ লাখ টাকা।
এছাড়া, জনতা ব্যাংকের মোট খেলাপী ঋণের পরিমাণ ২ হাজার ৮৩০ কোটি ৬৮ লাখ টাকা, রূপালী ব্যাংকের মোট খেলাপী ঋণের পরিমাণ ১ হাজার ৫৪৭ কোটি ৭৬ লাখ টাকা, সোনালী ব্যাংক লিমিটেডের মোট খেলাপী ঋণের পরিমান ৭ হাজার ৯৭৯ কোটি ৭৯ লাখ টাকা।
অর্থমন্ত্রী আরো জানান, বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের খেলাপী ঋণের পরিমাণ ৩ হাজার ৮৬১ কোটি ৩৮ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোট খেলাপী ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০১ কোটি ৯৯ লাখ টাকা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

