Don't Miss
Home / আন্তর্জাতিক / গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের আভাস
শান্তিরক্ষী

গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের আভাস

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসকে ক্ষমতাচ্যুত করার পর সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বিবেচনা করছে ইসরায়েল ও তার ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্র। এসময় হামাসমুক্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নতুন কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের সহায়তায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশকে গাজার দায়িত্ব দেয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ খবর প্রকাশ করেছে তাস।

আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে গাজায় মার্কিন সেনাদেরও মোতায়েন করা হতে পারে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকার ফিলিস্তিনি ছিটমহল গাজার ভবিষ্যৎ কেমন হতে পারে সেই বিষয়ে বিকল্প খুঁজছেন। এই বিকল্পের মাঝে গাজায় বিভিন্ন স্তরের শান্তিরক্ষা ব্যবস্থা কার্যকরের পরিকল্পনাও রয়েছে বলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ‘একটি বিকল্প অনুযায়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের সৈন্যদের সহায়তায় ওই অঞ্চলের দেশগুলোকে গাজার তদারকির অস্থায়ী দায়িত্ব দেওয়া হবে। এতে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।’

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইরেজ এলাকায় অতর্কিত হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। সীমান্ত বেষ্টনী বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়েন কয়েক শত প্রশিক্ষিত হামাস যোদ্ধা। সেখানে প্রথমেই কয়েক শ বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করেন তারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ২১২ জন ইসরায়েলিসহ বিভিন্ন দেশের নাগরিককে ধরে নিয়ে গাজায় জিম্মি করেন হামাস যোদ্ধারা।

কয়েক ঘণ্টা ব্যবধানে সেদিনই গাজা উপত্যকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গাজার বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ।

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গত তিন সপ্তাহে এই উপত্যকায় নিহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ এবং নিহতদের ৭০ শতাংশই নারী-শিশু। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের কিছু বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...