গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ফজলুল হক গ্রেপ্তার
Posted by: News Desk
December 13, 2018
এমএনএ রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গাজীপুরের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মিলন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
তার আইনজীবী পারভিন আক্তার ও স্ত্রী শম্পা হক সাংবাদিকদের জানান, মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা রয়েছে। তিনি সব মামলায় জামিনে রয়েছেন। বুধবার তিনি সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আজ বৃহস্পতিবার বাসায় ফেরেন। তখন তাকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ। বাসায় না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি জানান, গ্রেপ্তার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি। সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসলে বেলা আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
এদিকে গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীর পরিচালনা কমিটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান বলেন, আজ বৃহস্পতিবার ভোরে গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুল মোতালেবকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির প্রার্থী গ্রেপ্তার আসনের গাজীপুর-৫ ফজলুল হক 2018-12-13