Don't Miss
Home / রাজনীতি / চিঠি বিতর্ক: মাহমুদুলকে অব্যাহতি, জামাত আমীরের নতুন উপদেষ্টা আরমান

চিঠি বিতর্ক: মাহমুদুলকে অব্যাহতি, জামাত আমীরের নতুন উপদেষ্টা আরমান

এমএনএ প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী মর্যাদায় পদায়ন সংক্রান্ত চিঠি নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির দাবি, চিঠি পাঠানো হলেও এতে আমীরের নির্দেশনার বাইরে কিছু বিষয় যুক্ত করা হয়েছিল। এ কারণে সংশ্লিষ্ট উপদেষ্টাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় প্রফেসর ড. মাহমুদুল হাসান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পররাষ্ট্রনীতি বিষয়ে দলের কিছু অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানোর দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছিল।

তবে অভিযোগ রয়েছে, চিঠিটি পাঠানোর সময় আমীর কর্তৃক নির্ধারিত বিষয়বস্তুর বাইরে অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করা হয়। বিশেষ করে চিঠিতে উল্লেখিত ‘মন্ত্রী মর্যাদা’ সংক্রান্ত অংশটি আমীরে জামায়াতের নির্দেশনায় ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গোলাম পরওয়ার বলেন, বিষয়টি দলের নজরে আসার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এর পরিপ্রেক্ষিতে গত ২ মার্চ প্রফেসর ড. মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপিকে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা দ্রুত সংশোধনের নীতিতে দলটি অটল।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানানো হয়।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...