Don't Miss
Home / জাতীয় / জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্কঃ আদালতের সামনে থেকে দুই জঙ্গি ছিনতাইয়ে কাদের গাফিলতি ছিল তা খুঁজে বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘জঙ্গিরা পালানোর জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছে। এ বিষয়ে আমাদের দুর্বলতা ছিল। সেই দুর্বলতার ফাঁক ফোকর দিয়ে এরা বেরিয়ে গেছে। এই দুর্বলতা কে তৈরি করে দিল, কারা এর জন্য দায়ী, কাদের গাফিলতি আছে সেটি খুঁজে বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তদন্ত কমিটি  আমাদের কাছে এখনো রিপোর্ট দেয়নি। রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বন্দি জঙ্গিরা যেন সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে ৬০তম ব্যাচ কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে নবীন কারারক্ষীদের সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি খোলা জিপে চড়ে প্যারেডস্থল পরিদর্শন করেন এবং মার্চপাস্ট উপভোগ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সচিব মো.আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক প্রমুখ।

অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের মধ্যে বেস্ট ফায়ারার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন মেহেরপুর জেলা কারাগারের নবীন কারারক্ষী মো. ইমানুর রহমান শিপন।  ড্রিলে প্রথমস্থান অধিকার করেন নরসিংদী জেলা কারাগারের কারারক্ষী মো. রনি দেওয়ান। পিটিতে প্রথমস্থান অধিকার করেন খাগড়াছড়ি জেলা কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম। সব বিষয়ে চৌকস কারারক্ষী নির্বাচিত হন মানিকগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিন্টু ঘোষ।

ছয় মাস মেয়াদি ৬০তম ব্যাচ কারারক্ষীদের এ প্রশিক্ষণ কোর্সে ৩০১ জন কারারক্ষী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কাশিমপুর কারাগারের কর্মকর্তা, কর্মচারী ও কারারক্ষীরা অংশ নেন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...