Don't Miss
Home / আজকের সংবাদ / জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের জামিন আদেশ ১১ মে

জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের জামিন আদেশ ১১ মে

এমএনএ প্রতিবেদক

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের জামিন আবেদনের ওপর আদেশ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১১ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত ২১ এপ্রিল সাত মামলায় রুপা-শাকিল দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয় এবং আদেশের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানিকালে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, তদন্তে আর কত সময় প্রয়োজন। আদালত মন্তব্য করেন, এভাবে দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয় এবং দ্রুত অগ্রগতি প্রয়োজন। জবাবে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত কর্মকর্তারা কাজ করছেন এবং তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন। পরে আদালত ১১ মে আদেশের নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঢাকার একটি আদালত রুপা-শাকিল দম্পতিকে কারাগারে পাঠান। এর আগে একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আইনজীবীরা জানান, পৃথক এসব মামলায় ধারাবাহিকভাবে রিমান্ড শেষে বর্তমানে তারা কারাগারে আছেন। মামলাগুলোর তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারিক কার্যক্রমও প্রাথমিক পর্যায়েই রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিভিন্ন ঘটনায় দায়ের করা একাধিক মামলার তদন্ত একযোগে পরিচালিত হওয়ায় সময়ক্ষেপণ হচ্ছে। তবে আদালত দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

আগামী ১১ মে হাইকোর্টের আদেশের দিকে এখন নজর রয়েছে আইনজীবী ও সংশ্লিষ্ট মহলের।

x

Check Also

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি

এমএনএ প্রতিবেদক দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি ...