Don't Miss
Home / হোম স্লাইডার / জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর দেশব্যাপী অভিযান: সংসদে সালাউদ্দিন

জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর দেশব্যাপী অভিযান: সংসদে সালাউদ্দিন

সংসদ প্রতিবেদক

জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে আগামী ৩০ এপ্রিলের পর সারাদেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। সোমবার (২৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২তম কার্যদিবসে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্তোরাঁ ও ক্যাফের আড়ালে পরিচালিত অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের বিষয়ে নোটিশটি উত্থাপন করেন জয়নুল আবদিন ফারুক।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী সিসা ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করেছে।”

তিনি জানান, অবৈধ ব্যবসা চালু রাখার উদ্দেশ্যে কয়েকজন সিসা লাউঞ্জ মালিক রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে পাঁচটি রিট আবেদন করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে দেন।

মন্ত্রী আরও বলেন, ২০১৬ সালের ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার আলোকে অনুমোদনহীন সিসা লাউঞ্জ বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জ’ থেকে আনুমানিক পাঁচ কেজি সিসা ও ৩৫টি হুক্কা জব্দ করা হয়। একই রাতে ‘সিসা লাউঞ্জ রেস্টুরেন্ট’ নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার কেজি সিসা ও আটটি হুক্কা উদ্ধার করা হয়।

তিনি বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনায় গোপনে পরিচালিত সিসা লাউঞ্জের বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর নজরেও এসেছে। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য, নগর শৃঙ্খলা ও সামগ্রিক আইনশৃঙ্খলার জন্য হুমকি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “ঠিকানা পরিবর্তন করে কিংবা আবাসিক ভবনের আড়ালে যাতে কোনো অবৈধ সিসা লাউঞ্জ পরিচালিত না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদেরও সচেতন করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবসায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

শেষে তিনি বলেন, “আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দেশের যুবসমাজকে রক্ষায় আগামী ৩০ এপ্রিলের পর সারাদেশে সমন্বিত অভিযান শুরু করা হবে।”

x

Check Also

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোর প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি দেশের নারীদের জন্য নতুন ...