Don't Miss
Home / আজকের সংবাদ / জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি

এমএনএ রিপোর্ট : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
আজ রবিবার বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয় ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউর রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রাশেদুল হাসান, বদিউজ্জামান বদি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের নেতা মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুজ্জামান শিমুল, নিপুণ রায় চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক আবু আশফাক সেখানে উপস্থিত ছিলেন।
ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এই স্মারকলিপি দিয়েছে বিএনপি।
এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি গতকাল শনিবার সারা দেশে গণস্বাক্ষর অভিযানের মধ্য দিয়ে শুরু হয়। আগামী ২০ ফেব্রুয়ারি হবে ঢাকা মহানগর ছাড়া জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি।
আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী বা নয়া পল্টনের কার্যালয়ের সামনে জনসভা করার জন্য মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে বিএনপি।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর প্রথম দফায় ৯ ও ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ এবং দ্বিতীয় দফায় ১২ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিনের মানববন্ধন, অবস্থান ও ৬ ঘণ্টার অনশনের কর্মসূচি ঘোষণা করে।
স্মারকলিপি দেওয়ার পর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছর এবং তাঁর বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। ওই রায় ঘোষণার দিনই খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...