টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ
Posted by: News Desk
January 25, 2020
এমএনএ স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে হারের পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল শুক্রবার প্রথম ম্যাচেও টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।
ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই ভেন্যুতে শুক্রবার স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হারায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। এবারও হার সিরিজ থেকেই ছিটকে পড়বে অতিথিরা। দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
প্রথম ম্যাচে উইকেটে হাতে রেখেও অনেকটা সাবধানী ব্যাটিং করেছে টসে জেতা বাংলাদেশ। তাদের বেধে দেওয়া ১৪২ রানের টার্গেটে তিন বল বাকি থাকতেই পাঁচ উইকেটে পৌঁছে যায় পাকিস্তান।
ম্যাচটিতে জিততে হলে প্রথম ম্যাচের ভুলগুলো এড়াতে হবে। টোটাল সংগ্রহে আরও রান বাড়াতে হবে। মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে বোলিং-ফিল্ডিংয়েও।
একাদশে একটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানকে। একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে তারা।
দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে এটি। প্রথম ধাপে এদিন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।
একই ভেন্যুতে ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশ :
আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
টসে জিতে নেমেছে বাংলাদেশ ব্যাটিংয়ে 2020-01-25