এমএনএ খেলাধুলা ডেস্ক : টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে আসীন হলেন নাজমুল হাসান পাপন। বুধবার (৬ অক্টোবর) নির্বাচনের পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) সভাপতি বাছাইয়ের জন্য বৈঠকে বসেন ২৫ পরিচালক। বিসিবি সভাপতি হিসেবে তারা নাজমুল হাসান পাপনকেই বেছে নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। এরপর ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।
এবারের বিসিবি নির্বাচন হয়েছে ৩ ক্যাটাগরিতে। বিভাগ, ক্লাব ও সংস্থা ক্যাটাগরিতে ভোট দিয়েছেন ভোটাররা। সশরীরে ভোট দিয়েছেন ৫৮ জন। পোস্টাল আর ই-ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩ জন।এবারের নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন নাজমুল হাসান পাপন।এছাড়া প্রাথমিক ফলাফলে ২৩ নির্বাচিত প্রার্থীর মধ্যে ১৭ জনই পুরনো প্রার্থী। ক্যাটাগরি-১, ক্যাটাগরি-২ এবং ক্যাটাগরি-৩ মিলে নতুন করে জয়ী হয়েছেন ৬ জন।
ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা। পাপনের সমান ৫৩ ভোট পেয়েছেন তিনি। ক্যাটাগরি-৩ এ সবার আগ্রহ ছিল সাবেক পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও কোচ-বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের লড়াইয়ে। তিনি পরাজিত হয়েছেন ৩৭-৩ ভোটে।
এই ক্যাটাগরিতে ৪৩ ভোটের মধ্যে পড়েছে ৪০টি। ক্যাটাগরি-২ এ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পাপনের সঙ্গে পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা (৫৩ ভোট), শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নজিব আহমেদ (৫১ ভোট) ও ইসমাইল হায়দার মল্লিক (৫২ ভোট)।
ঢাকা এসেটসের মঞ্জুর কাদের ৪৯ ভোট পেয়েছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহবুব আনাম ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্লাব কোটায় নতুন পরিচালক হয়ে বোর্ডে জায়গা নিশ্চিত করলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ নিজাম (৫১ ভোট), কাকরাইল বয়েজের সালাউদ্দীন চৌধুরী (৪৯ ভোট)।
সেই সঙ্গে আজাদ স্পোর্টিং ক্লাবের এনায়েত হোসেন সিরাজ (৫২ ভোট), আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমির মনজুর আলম ৪৬ ভোট পেয়েছেন। এ ছাড়া সূর্য তরুণের ফাহিম সিনহা ৫১ ভোট এবং মিঠু ৫০ ভোট পেয়ে জিতেছেন।বিভাগ ক্যাটাগরির মধ্যে ঢাকা থেকে বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, তানভির আহমেদ টিটু, চট্টগ্রাম থেকে আকরাম খান ও আ জ ম নাছির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খুলনা থেকে শেখ সোহেল ও কাজী ইনাম বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

