Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রিপোর্ট : তিন দিনের ভুটান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গীদের নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ৩২ মিনিটে ড্রুক এয়ারের কেবি ৩০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

ভুটান সফরকালে দুই দেশের বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভুটানে অধিক বাণিজ্যের দুয়ার উন্মোচন করেন। ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক, রাণী ড্রুক পেমা ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শেখ হাসিনা থিম্পুতে বাংলাদেশ মিশনের স্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগেল ওয়াংচুক উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেখানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক অটিজম সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও অংশ নেন তাতে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে ভুটানের পারো আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি। পরে বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী।

সফরকালীন আবাসস্থল লা মেরিডিয়ান থিম্পু থেকে বিমানবন্দর যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভুটানের নাগরিকরা হাত নেড়ে, বাংলাদেশ ও ভুটানের পতাকা নেড়ে বিদায় জানান প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ছিলেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...