Don't Miss
Home / হোম স্লাইডার / তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এমএনএ রিপোর্ট : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৩০ জুলাই ওই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা এ তিন মহানগরীর বিভিন্ন এলাকায় টহলসহ নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন শুরু করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১৪ প্লাটুনসহ মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোহসিন রেজা আরও বলেন, আজ সকাল থেকে বিজিবি সদস্যরা টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দিকে সতর্ক নজর রাখবেন।

২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য তিন সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

এছাড়া তিন সিটি কর্পোরেশনের প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত ৪ প্লাটুন করে বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। তারা বিশেষ প্রয়োজনে বের হবেন। প্রয়োজনে আরও বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

ভোটের প্রচার শেষ হওয়ার ১৭ ঘণ্টা আগে আজ শনিবার সকাল ৭টা থেকে রাজশাহী নগরে ১৫ প্লাটুন বিজিবি নেমেছে বলে জানিয়েছেন বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।

তিনি জানান, ‘মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য ভোটের জন্য রাজশাহী নগরীতে থাকবে। ১৫ প্লাটুন থাকবে টহলে। বাকি ৪ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হবে।’

রাজশাহীতে ১৪০০ পুলিশ, ১৯৩২ আনসার ও ৪৫০জন র‌্যাব সদস্যের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা করেছে ইসি।

বরিশাল নগরীতেও সকাল থেকে টহলে দেখা গেছে বিজিবি সদস্যদের।

সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, নগরীর ২৭ টি ওয়ার্ডে এখন ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে। তারা নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে কাজ করবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোট ঘিরে তিন মহানগরে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপির প্রায় ১৫ হাজার সদস্য।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটনিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবির সঙ্গে র‌্যাবের ২৭টি টিম কাজ করবে।

১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৩৪টি ভোট কেন্দ্রে দুই হাজার ৯৪৮ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...