ধানমণ্ডিতে চক্রাকার বাস সার্ভিস চালু
Posted by: News Desk
March 27, 2019
এমএনএ রিপোর্ট : রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে আজিমপুর-নিউমার্কেট-ধানমণ্ডি রুটে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় কলাবাগান মাঠ সংলগ্ন সড়ক থেকে সার্ভিসটির উদ্বোধন করা হয়।
কলাবাগান মাঠের সামনে থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।
মেয়র সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটি কাজ করছে। সেই কাজের অংশ হিসেবে আমরা এই চক্রাকার বাস সার্ভিসটি চালু করেছি। এর মাধ্যমে আমরা আশা করি এই এলাকায় যানজট কমবে।
জানা গেছে, আজিমপুর-নিউমার্কেট-ধানমণ্ডি রুটের চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস চলাচল করবে। বাসগুলো মোট ৩৬টি স্পটে থামবে এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। এ ছাড়া এ এলাকায় আর অন্য কোনো যাত্রীবাহী বাস চলাচল করবে না।
বিআরটিসির তত্ত্বাবধানে এ সার্ভিসটি চালু করা হয়। দূরত্ব বুঝে এ বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০-২০-৩০ টাকা।
ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর বাস সার্ভিসের রুট
১. আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (জিগাতলা, শঙ্কর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর যাবে বাস।
২. সোবহানবাগ-রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব-বাটা ক্রসিং, কাটাবন-নীলক্ষেত, পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেট, ৩ নম্বর রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী, আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।
চক্রকার এ বাস সার্ভিসের সুবিধা নিয়ে সংশ্লিষ্টরা জানান, ঘন ঘন বাস স্টপেজ দেয়ায় মানুষ অল্প দূরত্বে বাসে যাতায়াত করতে পারবেন। এসি বাস হওয়ায় ধুলাবালি মুক্ত যাতায়াত করা যাবে। রিকশার তুলনায় বাস ভাড়া অনেক কম হবে, যানজটও কমবে। টিকিট ও কাউন্টার সিস্টেম করায় যাত্রী ও পথচারীরাও সুবিধা পাবেন। এর ফলে ধানমন্ডি এলাকায় স্কুল শিক্ষার্থীরাও গাড়ি ব্যবহার না করে কম ভাড়ায় বাসে যেতে পারবেন।
বাস সার্ভিস চালু ধানমণ্ডিতে চক্রাকার 2019-03-27