এমএনএ প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, মিছিল শেষে নেতাদের ব্রিফিং চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিবেদককে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় কিছু নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এতে সাংবাদিকরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দৈনিক সকাল-এর প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন। ঘটনাস্থলে তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ও রক্তপাত দেখা যায়। পরে সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক। আমাদের কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে হামলার ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
