বিশেষ প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়া এবং দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ জারি করা এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণসংক্রান্ত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে এক নারীর সঙ্গে তার অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরিফ উদ্দিন ভিডিওটিকে ‘এডিটেড’ বলে দাবি করেছিলেন। তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটির সত্যতা নিয়ে ফ্যাক্ট-চেক প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন মাত্রা পায়।
এদিকে, আরিফ উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে। বিশেষ করে বিদেশি অর্থায়নে বাস্তবায়নাধীন কয়েকটি নৌপরিবহন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় বারবার বৃদ্ধি, কাজের ধীরগতি এবং প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
অভিযোগ রয়েছে, এসব প্রকল্পে শত শত কোটি টাকার আর্থিক অনিয়ম সংঘটিত হলেও তিনি প্রভাব খাটিয়ে বারবার দায় এড়িয়ে গেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো বিচারিক বা বিভাগীয় তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।
কর্মকর্তা-কর্মচারীদের একাংশের অভিযোগ, পরিচালক পদে থাকাকালে আরিফ উদ্দিন অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। তার কার্যালয়ের অভ্যন্তরীণ সাজসজ্জা, আসবাবপত্র ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। যদিও এসব বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দপ্তর আদেশে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার ভাতা পরিশোধ করা হবে।
এদিকে, বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
