Don't Miss
Home / আজকের সংবাদ / নিউইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক জামিনে মুক্ত

নিউইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক জামিনে মুক্ত

এমএনএ ইন্টারন্যাশসাল ডেস্ক : গৃহকর্মীকে নির্যাতন, শ্রমিক পাচার এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়ার ৩৬ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।

নিউইয়র্ক পুলিশ স্থানীয় সময় গতকাল সোমবার সকালে শাহেদুলকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর কুইন্স সুপ্রিম কোর্টে হাজির করলে বিচারক ড্যানিয়েল লুইস ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলারে তার জামিন ঠিক করে দিয়েছিলেন।

এরপর স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হন বলে জানান নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।

জেলগেইট থেকে গণমাধ্যমকে শামীম জানান, ব্রঙ্কসের ভারনন সি বেইন কারেকশনাল সেন্টারে শাহেদুলকে রাখা হয়েছিল। বিচারকের ঠিক করে দেওয়া ৫০ হাজার ডলার বন্ডে তাকে মুক্ত করা হয়।

শাহেদুলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মোহাম্মদ আমিন নামে একজনকে গৃহকর্মী হিসেবে নিউইয়র্কে এনে তার কুইন্সের বাসায় রেখে ২০১২ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত বিনা মজুরিতে জোরপূর্বক কাজ করানোর ঘটনায় শ্রম পাচার ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

গত বছর মে মাসে আমিন পালিয়ে পুলিশের কাছে গিয়ে ঘটনার বিবরণ দিয়ে বিচার চায় জানিয়ে এর আগে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন বলেছিলেন, কূটনৈতিক কর্মকর্তা হলেও সম্পূর্ণ ‘কূটনৈতিক দায়মুক্তি’র অধিকারী না হওয়ায় গ্রেপ্তার এড়াতে পারেননি শাহেদুল।

আদালতে বিচারক ড্যানিয়েল লুইস জামিন ঠিক করে দিলে শাহেদুলের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেন।

তবে ডেপুটি কনসাল জেনারেল শাহেদুলকে গ্রেপ্তারের আগে তাকে ন্যূনতম কূটনীতিক সুবিধা দেওয়া হয়নি বলে প্রবাসীদের একটি পক্ষ বলছে, গ্রেপ্তারের মতো চরম পদক্ষেপ নেওয়ার আগে তাকে নোটিশ দেওয়া যেত, যা সচরাচর অন্যদেশের কূটনীতিকদের ক্ষেত্রে করা হয়।

এবিষয়ে সাবেক পাবলিক ডিফেন্ডার যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নি অ্যাট ল’ মঈন চৌধুরী গণমাধ্যমকে বলেন, অভিযোগটি গুরুতর, যে কারণে জামিনের পরিমাণ ৫০ হাজার ডলার ধার্য করা হয়। তবে যেহেতু অভিযোগ করার এক বছরের বেশি সময় পর তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই সরকার পক্ষের আইনজীবীর কাছে কি প্রমাণ আছে তা বিচার শুরুর আগেই জানা যাবে।

তবে যথাযথভাবে শুনানি হলে এ মামলায় শাহেদুলের নির্দোষ প্রমাণিত হওয়ার সম্ভাবনা বেশি মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে… যাতে ডেপুটি কনসাল জেনারেল ডিপ্লোমেটিক দায়মুক্তি পান, তবে এ মামলা স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।

গৃহকর্মী নির্যাতনের এ অভিযোগকে শাহেদুলের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।

তিনি বলেন, গৃহকর্মী নির্যাতিত শ্রমিক হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে এমন প্লট করেছেন। সময়ের ব্যবধানে তা প্রমাণিত হবে।

গ্রেপ্তারকৃত শাহেদুল ইসলাম ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রয়াত খাদেমুল ইসলামের ছেলে। রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১১ সালে তিনি নিউইয়র্ক কনস্যুলেটে যোগ দেন।

একাধিক সূত্র জানায়, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে নিউইয়র্ক কনস্যুলেটে যোগদানের আগে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নিউইয়র্ক কনস্যুলেটে প্রথমে তিনি ফার্স্ট সেক্রেটারি হিসাবে যোগ দেন। পরে পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে ডেপুটি কনসাল জেনারেল হন শাহেদুল ইসলাম। গৃহকর্মী রুহুল আমিনকে তিনি গ্রামের বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে এনেছিলেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...