Don't Miss
Home / আজকের সংবাদ / নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিসিবি’র ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিসিবি’র ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

খেলাধুলা প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে বেশ কিছু চমক থাকলেও অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল ব্যবস্থাপনা।

প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয়েছে জাতীয় দলের নিয়মিত পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন মুখ ও তরুণদের সুযোগ দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইন। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি ফরম্যাটে কার্যকর বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে দ্রুত রান তোলার সক্ষমতার কারণে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া বিপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই তরুণ পেসার এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন। এবার মূল জাতীয় দলে নিজেকে প্রমাণের নতুন সুযোগ পাচ্ছেন তিনি।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামিম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আবদুল গাফফার সাকলাইন।

x

Check Also

সংসদে সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ৫৩ মনোনয়নপত্র জমা

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র ...