Don't Miss
Home / আজকের সংবাদ / পদত্যাগ করবেন না মুশফিকুর রহিম

পদত্যাগ করবেন না মুশফিকুর রহিম

এমএনএ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড অধিনায়কত্ব কেড়ে না নিলে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। পচেফস্ট্রুম টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ব্লুমফন্টেইন টেস্টেও একই ভুল করেন তিনি। এবারও প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ভুল সিদ্ধান্ত এবং বাজে নেতৃত্বের কারণে মুশফিক অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন বলে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে জোর গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জনে আপাতত কান দিতে চাইছেন না টেস্ট অধিনায়ক।
ব্লুমফন্টেইন টেস্টে টসের পর ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি মুশফিক। কিন্তু ডু প্লেসিসের কথাতেই মুশফিকের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টসের পর উপস্থাপককে বলেছিলেন, এমন পিচে টসে জিতলে দশবারের মধ্যে নয়বারই তিনি ব্যাটিং নিতেন।
চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। প্রথম টেস্টে ৩৩৩ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সঙ্গী হয় ইনিংস ও ২৫৪ রানে হারের লজ্জা। দলের এমন যাচ্ছেতাই পারফরম্যান্সে মুশফিক নিজেও বিব্রত। তবে অধিনায়কত্বের সিদ্ধান্তটা বোর্ডের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
গত রবিবার ব্লুমফন্টেইন টেস্টে হেরে যাওয়ার পর অধিনায়কত্ব ছাড়বেন না জানিয়ে মুশফিক বলেন, ‘আমি কেন পদত্যাগ করবো? অধিনায়ক হিসেবে সব ব্যর্থতায় দায় আমাকেই নিতে হবে। আমি সেটা নিচ্ছিও। দেশকে নেতৃত্ব দেয়া আমার জন্য বিরাট সম্মানের। তবে অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডই। কেননা, তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। যদি তারা (বোর্ড) আমার প্রতি সন্তুষ্ট না হন তবে তারা সিদ্ধান্ত নিতে পারেন।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও ব্যাট হাতেও সময়টা ভালো যায়নি মুশফিকের। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৬ এবং ৪৪ রান করেন মুশফিক। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ এবং দ্বিতীয় ইনিংসে করেন ২৬ রান।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...