এমএনএ স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আধিপত্য ক্ষুণ্ণ হলো। স্প্যানিশ জায়ান্টদের টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের খেতাব অর্জন করল ম্যানচেস্টার ইউনাইটেড। বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত তালিকায় সবচেয়ে দামি ক্লাব নির্বাচিত হয়েছে ইউরোপা লিগের শিরোপাজয়ী ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটি।
ফোর্বস প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে দামি ক্লাব নির্বাচিত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৩৬৯ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৭৪১ কোটি টাকা প্রায়। পাঁচ বছরে প্রথমবারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষে জায়গা করে নিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা সবচেয়ে দামি ক্লাবের তালিকায় দুই নম্বরে রয়েছে। কাতালান ক্লাবটির মূল্য ৩৬৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে তিন নম্বরে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের মূল্য ৩৫৮ কোটি মার্কিন ডলার। গত
পাঁচ বছরেই ফোর্বসের তালিকায় শীর্ষে ছিল সদ্য শেষ হওয়া মৌসুমে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী রিয়াল।
সবচেয়ে দামি ক্লাবের তালিকার শীর্ষ দশে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি দল জায়গা করে নিল। ইউনাইটেডের সঙ্গে প্রিমিয়ার লিগ থেকে যোগ দেয়া অপর পাঁচটি ক্লাব হলো- ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ চতুর্থ এবং ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস নবম স্থানে রয়েছে।
ফোর্বসের তালিকায় পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান ও নাপোলি রয়েছে শীর্ষ বিশে। টপ টোয়েন্টিতে থাকা অপর ক্লাবগুলো হলো- বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, ওয়েস্ট হ্যাম, শালকে, রোমা ও লেস্টার সিটি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

