এমএনএ রিপোর্ট : সুইডেনে সরকারি সফরের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই প্রথম সুইডেন সফরে যাচ্ছেন।
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এটাই বাংলাদেশের কোনো সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো সুইডেন সফর। প্রধানমন্ত্রীর এ সফরের ফলে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগে অধিকতর গতিশীলতা আনয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাস ও সহিংস উগ্রবাদ নিরোধসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় আরও গভীর ও প্রসারিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, সুইডেনে এ সফর উপলক্ষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আগামী ১৩ জুন (মঙ্গলবার) ঢাকা ত্যাগ করবেন। সুইডেন যাওয়ার পথে প্রধানমন্ত্রী লন্ডনে যাত্রাবিরতি করবেন। সেখানে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ইশতেহার স্বাক্ষরিত হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও থাকছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক ও একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সুইডেনের রাজার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। তিনি বাংলাদেশ সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নেবেন।
সফর শেষে আগামী ১৬ জুন, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
