Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান

এমএনএ রিপোর্ট :  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
নজিবুর রহমান বর্তমান মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আজ রবিবারই তার মেয়াদ শেষ হচ্ছে।
নজিবুর রহমান যে মুখ্যসচিব হচ্ছেন এ খবর গত বৃহস্পতিবারই শোনা যাচ্ছিল। গত শুক্র ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সরকারি ছুটি থাকায় ওইদিনই শেষবারের মতো অফিস করেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
২০১৬ সালের ২৭ নভেম্বর মুখ্য সচিবের দায়িত্ব পাওয়ার পর অবসরের বয়সসীমায় পৌঁছালে গতবছর ডিসেম্বর আস্থাভাজন এই কর্মকর্তাকে চুক্তিতে ওই দায়িত্বে রেখে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুখ্যসচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমমর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী, তারা একই পদ মর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরেই মুখ্য সচিবের নামটি থাকে।
একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে। এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেছেন নজিবুর রহমান।
সাংবাদিকদের তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নতুন দায়িত্ব অর্পণে কাজের পরিধি আরও অনেক বেড়ে গেলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় বদলির আদেশ জারির পরপরই আজ রবিবার সকালে সচিবালয়ে নজিবুর রহমানকে বিদায়ী শুভেচ্ছা জানান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকর্মীরা।
১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগ দেওয়ার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা নজিবুর রহমান এক সময় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত (পিএস) সচিবের দায়িত্বও পালন করেছেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া এই সরকারি কর্মকর্তার চাকরির মেয়াদ আছে পুরো দুই বছর। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...