Don't Miss
Home / আজকের সংবাদ / ফরহাদ মজহার অপহৃত হয়েছেন মনে হয়নি : আইজিপি

ফরহাদ মজহার অপহৃত হয়েছেন মনে হয়নি : আইজিপি

এমএনএ রিপোর্ট : বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার অপহৃত হয়েছেন এখনো পর্যন্ত এমন তথ্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বিস্তারিত তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মাদকবিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

গত সোমবার ভোরে শ্যামলীর বাসা থেকে বের হয়ে যান ফরহাদ মজহার। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অতঃপর ফরহাদ মজহার ‘অপহৃত’ হয়েছেন বলে সেদিনই অভিযোগ করে তার পরিবার। এরপর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ।

টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর গত সোমবার রাতে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। এ সময় তিনি হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন।

পুলিশের কাছে জবানবন্দিতে ফরহাদ মজহার বলেন, তিনি শ্যামলীর বাসা থেকে ওষুধ কিনতে বের হয়ে অপহরণকারীদের কবলে পড়েন। অপহরণকারীরা তাঁকে মারধর করেন। খুলনায় মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাঁর চোখ বাঁধাই ছিল। উদ্ধারের সময় সঙ্গে পাওয়া ব্যাগটিও তিনি বাসা থেকে নিয়ে বের হয়েছিলেন।

খুলনা থেকে ঢাকায় আসার পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ফরহাদ মজহারকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

পরদিন বিকেলে ঢাকার মহানগর হাকিম মোহা. আহসান হাবীবের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফরহাদ মজহার। জবানবন্দি শেষে নিজ জিম্মায় তিনি বাসায় ফেরার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

ফরহাদ মজহার পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিলেও এ ঘটনা নিয়ে এখনো গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁর কক্ষে স্বজন ও বন্ধুদের যেতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থার সাদাপোশাকের লোকজন সেখানে পাহারা বসিয়েছেন।

ফরহাদ মজহারের অপহরণের ঘটনা নিয়ে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, তাঁর বিষয়ে তদন্ত চলছে। তিনি বাসা থেকে একা বের হয়েছিলেন, নাকি কেউ তাঁকে ডেকে নিয়েছে, সেটিই মূল তদন্তের বিষয় বলে তিনি জানান।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...