বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন
Posted by: News Desk
March 28, 2019
এমএনএ রিপোর্ট : রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বহুতল ভবনে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা। তবে থেমে থেমে এই আগুনের শিখা আবারও বাইরে থেকে দেখা যাচ্ছে। ভবনটির ছাদ থেকে আটকে পড়া মানুষ উদ্ধারের আর্তনাদ করছে।
বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মহড়া দিলেও ছাদে আটকা মানুষদের উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেননি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র। প্রায় তিনটা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবন থেকে অনেকে ঝুলন্ত তার বেয়ে নামতে গিয়ে নীচে পড়ে আহত হয়েছে। সবমিলিয়ে কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভবনটিতে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাফিয়ে পড়ে আহত শ্রীলংকার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের অনেককেই চিৎকার করতে শোনা গেছে।
জানা গেছে, ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আবার অনেকেই রশি বেয়ে নামার চেষ্টা করছেন।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমানবাহিনীর হেলিকপ্টার।
ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া ভবনটি থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আশপাশে বহু ভবন রয়েছে লাগোয়া অবস্থায়।
আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী রায়ান খান বলেন, আমরা তিন-চারজন নিচে দাঁড়িয়ে নাস্তা করছিলাম। ভবনটির নবম তলায় প্রচুর ধোঁয়া বের হতে দেখি। এর পর ভয়াবহ আগুন জ্বলতে দেখি। এসময় অনেককে জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়তে দেখি। ৯৯৯ এ ফোন দেই। এসময় অনেকেই ফায়ার সার্ভিসে ফোন দেন। ফোন দেয়ার ককয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে উপস্থিত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রশিক্ষিত দল।
তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
তবে আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
এফ আর আগুন টাওয়ারে ভয়াবহ বনানীর 2019-03-28