এমএনএ সাইটেক ডেস্ক : বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫ স্মার্টফোন নিয়ে কোন প্রতিবেদন তৈরি করা অত্যন্ত দূরূহ ব্যাপার। কেননা বিশ্ববাজারে প্রতি মাসেই নতুন নতুন সব স্মার্টফোন ঢুকছে। এতো সংখ্যক স্মার্টফোনের ভীড়ে কিছু ডিভাইস ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আধুনিক ফিচার সম্বলিত অনেক নতুন স্মার্টফোনও এসব স্মার্টফোনের জনপ্রিয়তা কমাতে পারছে না।
গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি অ্যানালিটিকস সম্প্রতি এক প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয় ৫ স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। প্রিয়.কমের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে নিম্মোক্ত ৫ স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এসবের সংক্ষিপ্ত বিশ্লেষণ নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। লিখেছেন- নোরা রহমান।

আইফোন ৭
আইফোন ৭ ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে। এ সময় অন্তত ১৬.৯ মিলিয়ন ইউনিট আইফোন ৭ বিক্রি হয়েছে। আইফোন ৭ স্মার্টফোনের মার্কেট শেয়ারের পরিমাণ ৪.৭ শতাংশ।

আইফোন ৭ প্লাস
আইফোন ৭ সিরিজের অনন্য সংযোজন আইফোন ৭ প্লাস। ফোনটি জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে আছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ফোনটির মার্কেট শেয়ার ছিল ৪.২ শতাংশ। এ সময় বিশ্বব্যাপী ১৫.১ মিলিয়ন ইউনিট আইফোন ৭ প্লাস বাজারজাত হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস৮
তালিকায় তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮। গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের ২.৮ শতাংশ মার্কেট শেয়ার আছে এবং ফোনটি দ্বিতীয় প্রান্তিকে ১০.২ মিলিয়ন ইউনিট বাজারজাত হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস
তালিকায় চতুর্থ অবস্থানে আছে স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস। প্রতিষ্ঠানটি ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে ৯ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বাজারজাত করেছে। ফোনটির মার্কেট শেয়ারের পরিমাণ ২.৫ শতাংশ।

শাওমি রেডমি ৪এ
তালিকায় পঞ্চম অবস্থানে একমাত্র বাজেট স্মার্টফোন হিসেবে আছে শাওমি রেডমি ৪এ। শাওমি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫.৫ মিলিয়ন ইউনিট রেডমি ৪এ বিশ্বব্যাপী বাজারজাত করেছে। ফোনটির মার্কেট শেয়ার ১.৫ শতাংশ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

