Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

এমএনএ রিপোর্ট : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীসহ সারাদেশের ধর্মীয় স্থাপনা ও কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপাস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহজনক কাউকে মনে হলে তল্লাশি করা হচ্ছে।

আগে থেকে ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে আজ রবিবার এ নির্দেশনা দেওয়া হলো। তবে স্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে কোনো হামলার খবর নেই গোয়েন্দা সংস্থার কাছে।

পুলিশ হেড কোয়ার্টার্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাসহ সারাদেশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের অফিসার) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শবেবরাত ও ইস্টার সানডেকে সামনে রেখে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুতি রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। তবে এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে কোন ধরনের হামলার হুমকি কিংবা আশঙ্কা নেই।

আজ রবিবার সকালে শ্রীলঙ্কার তিনটি চার্চে ও অভিজাত তিনটি হোটেলে হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর কলম্বোর নিগমবো অঞ্চলের কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ভেতরে বিস্ফোরণে ধ্বংসের ছবি দেখা গেছে এটির অফিসিয়াল ফেসবুক পেজে। এতে গির্জার ফ্লোরে রক্ত বয়ে যেতে দেখা গেছে। আক্রান্তদের সহায়তা সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলা হয়েছে।

ফেসবুক পেজে ইংরেজিতে লেখা একটি পোস্টে লেখা রয়েছে, আমাদের গির্জায় একটি বোমা হামলা হয়েছে। যদি আপনাদের পরিবারের সদস্যদের কেউ সেখানে থাকেন, দয়া করে এগিয়ে আসুন এবং তাদের পাশে দাঁড়ান।

x

Check Also

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে বাড়ছে লোডশেডিং

বিশেষ প্রতিবেদন দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমাতে ...