বিউটি হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেপ্তার
Posted by: News Desk
March 31, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে (১৬) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
সিলেটে র্যাব-৯ এর সহকারী পরিচালক (গণমাধ্যাম) অতিরিক্ত পুলশ সুপার মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় বাবুলের মা ইউপি সদস্য কলম চাঁন বিবিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবুল মিয়াকে শায়েস্তাগঞ্জ থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তারকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বাবুল মিয়া ও তার সহযোগীরা। এক মাস তাকে আটকে রেখে ধর্ষণ করে। এরপর বিউটিকে কৌশলে তার বাড়িতে রেখে পালিয়ে যায় বাবুল।
এ ঘটনায় গত ১ মার্চ কিশোরীর বাবা সায়েদ বাদী হয়ে বাবুল ও তার মা স্থানীয় ইউপি মেম্বার কলমচানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে মেয়েকে তার নানার বাড়িতে লুকিয়ে রাখা হয়। এরপর বাবুল ক্ষিপ্ত হয়ে ১৬ মার্চ বিউটি আক্তারকে তার নানার বাড়ি থেকে রাতে জোর করে তুলে নিয়ে যায়। ফের ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ শায়েস্তাগঞ্জের হাওরে ফেলে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
হত্যা ও ধর্ষণের অভিযোগে ১৭ মার্চ তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দু’জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলার পর ২১ মার্চ পুলিশ বাবুলের মা কলমচান ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে। কিন্তু মূল হোতা বাবুল তখন থেকে পলাতক ছিলেন।
গত ১৭ মার্চ বেলা সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
হত্যা বিউটি আসামি মামলার গ্রেপ্তার প্রধান বাবুল 2018-03-31