Don't Miss
Home / রাজনীতি / বিএনপি সময় ব্যাংকিং খাত, শেয়ারবাজার, অর্থনীতিতে বড় অনিয়ম, লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: খসরু

বিএনপি সময় ব্যাংকিং খাত, শেয়ারবাজার, অর্থনীতিতে বড় অনিয়ম, লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: খসরু

সংসদ প্রতিবেদক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই এবং দলটি ক্ষমতায় থাকাকালে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন ব্যাংকিং খাত, শেয়ারবাজার বা সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের অনিয়ম বা লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি। তিনি দাবি করেন, বর্তমান সময়ে যে আর্থিক অনিয়ম ও পুঁজিপাচারের ঘটনা ঘটেছে, তা অতীতের কিছু দুর্বল ব্যবস্থাপনার ফল।

তিনি আরও জানান, ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান (ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিজিটাল ব্যাংকিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২৪ ঘণ্টা অনলাইন ব্যাংকিং সেবা চালু রয়েছে এবং ৪৬টি ব্যাংক এই সুবিধার আওতায় এসেছে। আন্তঃব্যাংক লেনদেন ফি পরিবর্তনের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করে তিনি বলেন, গ্রাহকদের অসচেতনতার সুযোগ নিয়ে প্রতারকচক্র ইউজারনেম, পাসওয়ার্ড ও ওটিপি সংগ্রহ করছে। ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ধরনের ঝুঁকি এড়াতে ব্যক্তিগত তথ্য গোপন রাখার ওপর জোর দেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক খাত থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে চলে যাওয়ায় দেশে পুঁজির ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে পুনঃমূলধনীকরণ (রিক্যাপিটালাইজেশন) করে বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি স্বীকার করেন, বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে অনিয়ম ও দুর্বল তদারকির কারণে আর্থিক খাতে চাপ তৈরি হয়েছে। তবে সরকার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাঠামোগত সংস্কার, নজরদারি জোরদার এবং আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থপাচার রোধ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে কার্যকর নীতি ও কঠোর বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং নিরাপত্তা জোরদার ও গ্রাহক সচেতনতা বাড়ানোও সময়ের দাবি।

x

Check Also

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিসিবি’র ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

খেলাধুলা প্রতিবেদক নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা ...