Don't Miss
Home / রাজনীতি / বিএনপির মুখে আন্দোলনের কথা মানায় না: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির মুখে আন্দোলনের কথা মানায় না: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজ দলের চেয়ারপার্সনের মুক্তির জন্য দেখার মতো একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না। আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন। তারপর অন্যের কথা বলুন। নিজে ঘরের মধ্যেই ঐক্য নেই।

শনিবার মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময়। প্রতিটি সংকট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন।

বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলংকাকেও ঋণ দিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়। তারা জনগণের ভালো দেখতে পারে না। জনগণ ও দেশের ভালো কিছু দেখলেই তাদের গা জ্বালা করে।

আ. লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ভালো লোকদের দলে টানুন। আর খারাপদের দল থেকে বের করে দিন। ত্যাগীরাই আওয়ামী লীগের প্রাণ, তাদের দলের মধ্যে জায়গা করে দিন।

ঐতিহাসিক নোমানি ময়দানে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...