Don't Miss
Home / আইন আদালত / বিচার চলবে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই : আদালত

বিচার চলবে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই : আদালত

এমএনএ রিপোর্ট : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় তার অনুপস্থিতিতেই জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে। এছাড়া তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

এ আদালতে শুনানির আগের দুই দিনের মতো আজ বৃহস্পতিবারও খালেদা জিয়াকে হাজির করতে না পেরে ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এতিমখানা দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

‘অসুস্থতার কারণে’ তাকে গত সাত মাসে একবারও আদালতে হাজির করতে না পারায় জিয়া দাতব্য ট্রাস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষ করতে সরকারের নির্দেশে আদালত স্থানান্তর করা হয় কারাগারের ভেতরে।

গত ৫ সেপ্টেম্বর বিশেষ জজ আদালতের এই অস্থায়ী এজলাসে শুনানির প্রথম দিন খালেদা জিয়া নিজের অসুস্থতার কথা জানিয়ে বিচারককে বলেছিলেন, তিনি বার বার আদালতে আসতে পারবেন না, বিচারক তাকে ‘যতদিন খুশি’ সাজা দিতে পারেন।

এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত দিনে কারা কর্তৃপক্ষ খালেদাকে আদালত কক্ষে আনতে ব্যর্থ হলে ফৌজদারি কার্যবিধির ৫৪০(এ) ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতে বিচারকাজ চালানোর আর্জি জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আদালতে হাজির হতে পারবেন না। এ কারণে আদালতে সময় আবেদন করবেন। পাশাপাশি অতিদ্রুত খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে যেন ভর্তি করা হয়, আদালতের কাছে এ বিষয়ে আবেদন করা হবে বলে জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে কারাগার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...