Don't Miss
Home / হোম স্লাইডার / বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

এমএনএ রিপোর্ট : বিদ্যুৎ বিভ্রাটের কারণে হঠাৎ করে সংসদ ভবনে অন্ধকার নেমে আসায় দশম জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে। সংসদ অধিবেশন শুরুর পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যাওয়া পরও সেখানে লাইন দিতে না পারায় সংসদের বেশির ভাগ রুম অন্ধকারে ছেয়ে যায়। তবে জেনারেটরের মাধ্যমে সংসদ অধিবেশন সোয়া এক ঘণ্টা চলার পর বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় তড়িঘড়ি করে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয়। এসময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।

সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জেনারেটর দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় ১০ মিনিট পর।

পরে বিদ্যুৎ আসলেও সংসদে লাইন দেয়া যাচ্ছিল না। লাইন দিলেই কেটে যাচ্ছিল। এরপর ঘণ্টা খানেক অধিবেশন চলার পর মাগরিবের নামাজের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদের সব কাজ স্থগিত করে আগামীকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন।

এ বিষয়ে পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সংসদ চলে মেঘনা ঘাটের ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎগ্রিডের মাধ্যমে। কিন্তু সেখানে কারিগরি সমস্যা দেখা দেয়ায় সংসদের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এজন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।’

অধিবেশন মুলতবি ঘোষণার পর অবশ্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে এক এক করে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পর তা আসলেও সংসদের লাইন দেয়া যাচ্ছিল না। বার বার কেটে যাচ্ছিল। এজন্য এখন আর লাইন দেয়ার সাহস পাচ্ছেন না কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা করে লাইন দেয়া হবে।

সংসদের চিফ হুইপ ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের কয়েকটি রুম ঘুরে দেখা গেছে তারা মোবাইলের লাইন দিয়ে জরুরি কাজ করছেন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদের বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।

সংসদ ভবন এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

ডিপিডিসির প্রকৌশল বিভাগের নির্বাহী পরিচালক মো. রমিজ উদ্দিন সরকার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদেরকে জানান, পাওয়ার গ্রিড কোম্পানির ১৩২ কেভি গ্রিড লাইন ‘ট্রিপ’ করার কারণে মূলত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল। ডিপিডিসির কোনো সমস্যা ছিলনা।

“বিকাল ৫টার সময় পিজিসিবির লাইনে আগারগাঁওয়ের কাছে সমস্যা দেখা দেয়। আধা ঘণ্টার মধ্যেই তা সমাধান করা হয়েছিল।”

ডিপিডিসি প্রকৌশলী বলেন, “যেহেতু সংসদ চলছিল, তখন সংসদের জেনারেটর চালু ছিল। লাইন মেরামত হওয়ার কিছু সময় পর সেখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

সংসদের বৈঠকে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, দুটি বিল নিয়ে স্থায়ী কমিটির প্রতিবেদন, একটি বিল উত্থাপন এবং একটি বিল পাসের কর্মসূচি ছিল।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, স্থগিত হওয়া কর্মসূচিগুলো বুধবার নিষ্পত্তি করা হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...