Don't Miss
Home / অর্থনীতি / বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, ৫০ শতাংশ ব্যবহার হ্রাস নিজ দপ্তরে

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, ৫০ শতাংশ ব্যবহার হ্রাস নিজ দপ্তরে

এমএনএ প্রতিবেদক

দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের জন্য কক্ষের জানালার পর্দা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ইতিমধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সব কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসা-বাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে আরও কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

রুমন বলেন, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর। এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর এই ব্যক্তিক্রমী উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবার প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ রেখেছেন।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...