Don't Miss
Home / অর্থনীতি / বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
আইএমএফ

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বর্তমান বৈশ্বিক সংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে।

আজ বৃহস্পতিবার ব্যাংককে সিরকিত ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে আইএমএফ প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে বিগত দিনগুলোয় বাংলাদেশের টিমগুলো তথ্য আদান-প্রদান এবং দীর্ঘ আলোচনা করেছে। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপট এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে সংস্থাটি বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে।

ব্যাংকিং খাত ও ট্যাক্স-জিডিপি অনুপাতসহ কিছু বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ থাকা স্বাভাবিক উল্লেখ করে অর্থমন্ত্রী বললেন, এ বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে এবং অনেক সমস্যারই সমাধান এরই মধ্যে হয়ে গেছে। বাকি বিষয়গুলো আগামী কয়েক মাসের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করে সমাধান করা সম্ভব হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের এ অংশীদারত্ব ভবিষ্যতেও সঠিক পথে ও সুদৃঢ়ভাবে বজায় থাকবে।

নতুন প্রোগ্রাম ও সংস্কারের শর্ত প্রসঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, এ মুহূর্তে সরাসরি কোনো ঋণ নিয়ে আলোচনা হয়নি, বরং দেশের সার্বিক অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কর্মসূচিতে কিছু শর্ত থাকাই স্বাভাবিক এবং দুপক্ষের সমঝোতার মাধ্যমেই সেগুলোর সমাধান করা হবে। এ ছাড়া দেশের অর্থনৈতিক সংস্কারের জন্য একটি বিশ্বাসযোগ্য কৌশল (ক্রেডিবল স্ট্র্যাটেজি) রয়েছে বলেই আলোচনা এতদূর পর্যন্ত সফলভাবে এগিয়েছে।

বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আগ্রহী।

x

Check Also

নতুন কহেলা কলেজে অধ্যক্ষ নিয়োগ ঘিরে জটিলতা, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মির্জাপুরের নতুন কহেলা কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নতুন করে জটিলতা দেখা ...