ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বাই, প্রাণহানি ২৭
Posted by: News Desk
July 2, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইসহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় ইতিমধ্যে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে। অবতরণ করার সময় রানওয়ে থেকে একটি উড়োজাহাজ ছিটকে পড়ায় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বহু ট্রেনের শিডিউল পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার মুম্বাইয়ের মালাডে ভারী বৃষ্টির কারণে দেয়াল ভেঙে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেয়াল ভেঙে পড়ার ঘটনায় আরো অনেকে আটকা পড়ে আছে বলে খবরে বলা হয়েছে। দেশটির উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
এছাড়া মুম্বাইয়ের একটি স্কুলের দেয়াল ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুনে শহরের কাছে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে মৃত্যু হয়েছে ৭ জনের।
টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। এ কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচলা ও বাতিল করা হয়েছে বিমান ফ্লাইট।
খবরে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মুম্বাইতে দশকের রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইতে সরকারি ছুটি ঘোষণা করেছে।
বাড়ি থেকে যেন এসময় কেউ বের না হয় এজন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাসিন্দাদের।
আজ মঙ্গলবার মুম্বাইয়ে শুধু জরুরি সার্ভিসগুলো চালু থাকবে বলে এক ঘোষণায় জানিয়েছে রাজ্য সরকার।
আজ মঙ্গলবারও শহরটির সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে রাতে এক নির্দেশে জানিয়েছেন মিউনিসিপাল কমিশনার।
গতকাল সোমবার রাতে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার সময় স্পাইসজেট এয়ারলাইনের একটি উড়োজাহাজ (বোয়িং ৭৩৭-৮০০) নিয়ন্ত্রণ হারায়। তবে এতে জয়পুর থেকে আসা উড়োজাহাজটির কোনো আরোহী আঘাত পাননি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরটির মূল রানওয়ে বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় আরেকটি রানওয়ে থেকে বিমান ওঠা-নামা অব্যাহত থাকলেও এতে সময় বেশি লাগছে। এখান থেকে ৫৪টি ফ্লাইটকে বেঙ্গালুরু ও আহমেদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে হতাহতদের পরিবারে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, ‘এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপজ্জনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’
তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা।
মুম্বাইয়ের পৌর কমিশনার প্রবীণ পারদেশি জানিয়েছিলেন, গত দু’দিনে (রবিবার রাতের আগ পর্যন্ত) ৫৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
সংবাদ সংস্থা এএনআই বলেছিল, গতকাল সোমবার মুম্বাইয়ের কাছের একটি এলাকায় শুধুমাত্র ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারারাত মোট ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত মুম্বাই ও আশেপাশের নিম্নাঞ্চলে আরো ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।
ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায়, ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে ২’শত মিলিমিটারের মতো বৃষ্টি ঝরতে পারে প্রতিদিন। তথ্য সূত্র: রয়টার্স, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।
বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে ২৭ মুম্বাই প্রাণহানি 2019-07-02