এমএনএ বিশেষ রিপোর্টঃ চায়না সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়ালে অনুমতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমরা ভ্যাকসিন নিয়ে চায়নার সঙ্গে আলোচনা করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চায়নার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল তাদের সিনোভ্যাক কোম্পানি বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। বাংলাদেশে তারা কিছু পরীক্ষাও করতে চায়, ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ভ্যাকসিনের সমস্ত বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’
তিনি বলেন, ‘চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে আলাপের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি চিন্তা-ভাবনা করে আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে- আমরা যেহেতু চাই দেশে ভ্যাকসিন আসুক, তাহলে তার তো ট্রায়াল লাগবেই। সেই ট্রায়ালটা কাদের ওপরে করব? প্রপোজাল হলো ডাক্টার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মীদের ওপর আগে (ট্রায়াল) করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবায় জড়িত যারা স্বেচ্ছায় আসবে, সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন ট্রায়ালে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেওয়া হবে। তবে ডিসেম্বর-জানুয়ারির আগে দেশের বাজারে ভ্যাকসিন আসবে না।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

