Don't Miss
Home / অর্থনীতি / মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আমদানি শুরু

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আমদানি শুরু

বিশেষ প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আমদানি শুরু করেছে বাংলাদেশ। এই ডিজেল ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’-এর মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, সোমবার বেলা ৩টা ২০ মিনিট থেকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে পুরো ৫,০০০ টন ডিজেল খালাস করতে প্রায় ৪৪ ঘণ্টা সময় লাগবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বিপিসির তথ্য অনুযায়ী, পার্বতীপুর ডিপোতে প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন ডিজেল পাম্পিং করা সম্ভব। সেই হিসেবে পুরো চালানটি পাম্পিং শেষ হতে বুধবার সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’-এর দৈর্ঘ্য প্রায় ১৩১ কিলোমিটার। এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়।

২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই আন্তঃদেশীয় পাইপলাইনটির উদ্বোধন করা হয়। বছরে প্রায় দুই লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই অবকাঠামোর।

পাইপলাইন চালুর আগে ২০১৬ সাল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে রেল ওয়াগনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হতো। তবে পাইপলাইন চালু হওয়ার পর পরিবহন সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিদ্যমান চুক্তি অনুযায়ী, এই পাইপলাইন ব্যবহার করে প্রতি বছর প্রায় ১.৮০ লাখ টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করবে ভারত। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশকে অতিরিক্ত ১.২০ লাখ লিটার তেল দেওয়ার বিষয়টিও চুক্তিতে উল্লেখ রয়েছে।

এদিকে, রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...