Don't Miss
Home / হোম স্লাইডার / মার্চে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে : ইসি সচিব

মার্চে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে : ইসি সচিব

এমএনএ রিপোর্ট : জাতীয় নির্বাচনের রেশ না কাটতেই আরেকটি ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনে। আগামী মার্চে প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি।

আজ বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, আমাদের হাতে সময় নেই। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে সময় আছে কেবল মার্চ মাস। তাই এ সময়টাই উপজেলা নির্বাচনের জন্য বেছে নিতে চায় কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, মার্চে নির্বাচন করতে হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকেই তফসিল ঘোষণা করতে হবে।

ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন করায় জানুয়ারিতে উপজেলা নির্বাচন করাটা যৌক্তিক মনে করছে না নির্বাচন কমিশন।

যদিও ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ হয়।

সেই সময় ছয় ধাপে ৪৮৭টির বেশি উপজেলায় নির্বাচন হয়। তবে গতবার নির্দলীয় ভোট হলেও এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে, ওই সব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

জুলাইয়ের পর যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন পরে সুবিধাজনক সময়ে করা হবে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

x

Check Also

সংসদের সংরক্ষিত ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন জাতীয় নির্বাচনের পরাজিতরাও

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ...