বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি হাবীবুল্লাহ সিরাজী
Posted by: News Desk
January 2, 2019
এমএনএ রিপোর্ট : বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের প্রধান প্রতিষ্ঠান বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন কবি হাবীবুল্লাহ সিরাজী। আজ বৃহস্পতিবার সকালে মহাপরিচালক পদে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’ থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়, তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন কবি হাবীবুল্লাহ সিরাজী।
এর মধ্য দিয়ে গত ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করা শামসুজ্জামান খানের স্থলাভিষিক্ত হলেন হাবিবুল্লাহ সিরাজী। গত মে মাসে শামসুজ্জামান খানের মেয়াদ শেষ হলে পদটি শূন্য হয়।
আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখা কবি হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
হাবীবুল্লাহ সিরাজীর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধশতাধিক বইয়ের লেখক তিনি। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কার, রূপসী বাংলা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
কবি হাবীবুল্লাহ সিরাজীর জন্ম ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরের রসুলপুর গ্রামে মাতুলালয়ে। পৈত্রিক নিবাস পাংশা, রাজবাড়ি। বাবা আবুল হোসেন সিরাজী ও মা জাহানারা বেগম।
কবি হাবীবুল্লাহ সিরাজী বাংলাদেশ প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ১৯৭০ সালে স্নাতক পাস করেন। ১৯৭২ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে চাকরিজীবন শুরু করে সমাপ্তি ঘটে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে ১৯৮০ সালে। এরপর বেসরকারি চাকরি করেন। পেশাগত কাজে ১৯৮৫-১৯৮৬ সাল কাটে কুয়েত ও ইরাকে; এবং ১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত মালয়েশিয়ায়। ২০০০ সালে বেক্সিমকো গ্রুপে যোগদান করেন। সবশেষ তিনি বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের উপদেষ্টা ছিলেন।
প্রথম কবিতার বই প্রকাশিত হয় ১৯৭৫ সালে। নানা বিষয়ে গ্রন্থসংখ্যা ৬৫। এর মধ্যে কবিতা ৪১, অনুবাদ কবিতা ২, উপন্যাস ২, ছোটগল্প ১, প্রবন্ধ ৪, স্মৃতিকথা ১, ছড়া-পদ্য ১৩, সম্পাদনা ১।
কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, সুইডিস, মালয়, হিন্দি, উর্দু এবং ফার্সি ভাষায়। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কার এবং সম্মাননা লাভ করেন।
যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তাইওয়ান, থাইল্যাণ্ড, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, পাকিস্তান, সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়া ভ্রমণ করেছেন।
হাবীবুল্লাহ সিরাজীর গ্রন্থাবলী
কবিতা : ১. দাও বৃক্ষ দাও দিন (১৯৭৫), ২. মোমশিল্পের ক্ষয়ক্ষতি (১৯৭৭), ৩. মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ (১৯৮১), ৪. হাওয়া কলে জোড়া গাড়ি (১৯৮২), ৫. নোনা জলে বুনো সংসার (১৯৮৩), ৬. স্বপ্নহীনতার পক্ষে (১৯৮৪), ৭. আমার একজনই বন্ধু (১৯৮৭), ৮. পোশাক বদলের পালা (১৯৮৮), ৯. প্রেমের কবিতা (১৯৮৯), ১০. কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা (১৯৯০), ১১. সিংহদরজা (১৯৯০), ১২. বেদনার চল্লিশ আঙুল (১৯৯০), ১৩. ম্লান, ম্রিয়মাণ নয় (১৯৯২), ১৪. বিপ্লব বসত করে ঘরে (১৯৯৯), ১৫. ছিন্নভিন্ন অপরাহ্ণ (১৯৯৯), ১৬. জয় বাংলা বলো রে ভাই (২০০০), ১৭. সারিবদ্ধ জ্যোৎস্না (২০০০), ১৮. সুগন্ধ ময়ূর লো (২০০০), ১৯. নির্বাচিত কবিতা (২০০১), ২০. মুখোমুখি (২০০১), ২১. তুচ্ছ (২০০৩), ২২. স্বনির্বাচিত প্রেমের কবিতা (২০০৪), ২৩. হ্রী (২০০৫), ২৪. কতো কাছে জলছত্র, কতো দূর চেরাপুঞ্জি (২০০৬), ২৫. কাদামাখা পা (২০০৬), ২৬. ভুলের কোনো শুদ্ধ বানান নেই (২০০৮), ২৭. শূন্য, পূর্বে না উত্তরে (২০০৯), ২৮. ইতিহাস বদমাশ হ’লে মানুষ বড়ো কষ্ট পায় (২০০৯), ২৯. একা ও করুণা (২০১০), ৩০. যমজ প্রণালী (২০১১), ৩১. কবিতাসমগ্র (২০১১), ৩২. আমার জ্যামিতি (২০১২), (৩৩) পশ্চিমের গুপ্তচর (২০১২), ৩৪. মিথ্যে তুমি দশ পিঁপড়ে (২০১৪), ৩৫. কবিরাজ বিল্ডিংয়ের ছাদ (২০১৫), ৩৬. শ্রেষ্ঠ কবিতা (২০১৫), ৩৭. যে শ্রেষ্ঠ একা (২০১৬), ৩৮. বডিমিস্ত্রি ফেসবুক (২০১৬), ৩৯. হাবীবুল্লাহ সিরাজীর প্রেমের কবিতা (২০১৬), ৪০. জো (২০১৭), ৪১. আমি জেনারেল (২০১৮)।
অনুবাদ কবিতা : ১. মৌলানার মন, রুমীর কবিতা (২০১৩), ২. 50 poems of Habibullah Sirajee (২০১৫)।
উপন্যাস : ১. কৃষ্ণপক্ষে অগ্নিকাণ্ড (১৯৭৩), ২. পরাজয় (১৯৮৮)।
গল্প : আয় রে আমার গোলাপজাম (২০১৭)।
প্রবন্ধ : ১. দ্বিতীয় পাঠ (২০১০), ২. মিশ্রমিল (২০১২), ৩. গদ্যের গন্ধগোকুল (২০১৭), ৪. পায়ে উর্বর পলি (২০১৮)।
স্মৃতিকথা : ১. আমার কুমার (২০১০)।
ছড়া-পদ্য : ১. ইল্লিবিল্লি (১৯৮০), ২. নাইপাই (১৯৮৪), ৩. রাজা হটপট (১৯৯৯), ৪. ফুঁ (২০০১), ৫. ফুড়ুৎ (২০০৪), ৬. এই আছি, মৌমাছি (২০০৮), ৭. মেঘভ্রমণ (২০০৯), ৮. রে রে (২০১০), ৯. ছয় লাইনের ভূত (২০১১), ১০. ছড়াপদ্য (২০১২), ১১. কানাকানি (২০১৩), ১২. একে শূন্য (২০১৫), ১৩. ছড়াছড়ি (২০১৮)।
কবি হলেন মহাপরিচালক একাডেমির হাবীবুল্লাহ সিরাজী বাংলা 2019-01-02