যুক্তরাষ্ট্রে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৯, নিখোঁজ ১৩০০
Posted by: News Desk
November 19, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। নিখোঁজের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে। দেশটির তরফ থেকে গতকাল রবিবার এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।
প্রথম দিকে নিখোঁজের সংখ্যা তিনশ’ বলে ঘোষণা করা হলেও এখন প্রতিদিনই তা বাড়ছে। গতকালও ঘোষিত এ সংখ্যা ছিল এক হাজারের মতো।
দাবানল শুরুর প্রায় এক সপ্তাহ পর গত শনিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান। তিনি বলেন, এরকম ভয়াবহ অবস্থা আর যেন না ঘটে তার ব্যবস্থা আমরা করবো।
এছাড়া এক সপ্তাহ আগে তিনি বলেছেন, বন বিভাগের দুর্বলতা ব্যতীত বনে এমন মারাত্মক দাহের কোনো কারণ নেই। বন ব্যবস্থাপনার জন্য প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। অথচ এখানে জনজীবনে এমন ক্ষতি হলো। এর প্রতিকার হচ্ছে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়া।
এক সপ্তাহ আগে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির জনবসতিতেও ছড়িয়ে পড়ে। এর ফলে প্যারাডাইস শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। দাবানলে নিহতদের বেশিরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানানো হয়েছে। এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় নি।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ইতিমধ্যে তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ, কিছুই আর বাকি নেই তেমন। প্যারাডাইস শহরে তাণ্ডব চালনোর পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুরে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
দাবানল নিয়ন্ত্রণে আনতে পায় দশ হাজার দমকলকর্মী কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বের করতেও কাজ করছে শত শত কর্মী।
দাবানলে অঙ্গরাজ্যের লাখ লাখ একর ভূমি পুড়ে গেছে। এর আগে ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ভয়াবহ দাবানলে ২৯ জন নিহত হয়েছিল। চলমান দাবানলের ক্ষয়ক্ষতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের অব্যস্থাপনাকে দায়ী করেছেন।
নিখোঁজ ১৩০০ দাবানলে যুক্তরাষ্ট্রে সংখ্যা বেড়ে নিহতের ৭৯ 2018-11-19