Don't Miss
Home / হোম স্লাইডার / যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বিচার গুলিবর্ষণে নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বিচার গুলিবর্ষণে নিহত ৫

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : এক মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দ্বিতীয় নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার স্থানীয় সময় ৩টার পর পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি মিডল্যান্ড হাইওয়ে এলাকায় ৩০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবিসি জানিয়েছে, হাইওয়েতে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটির দুই পুলিশ কর্মকর্তা বন্দুকধারীর গাড়িটি থামালে তাদেরই প্রথম গুলি করে বন্দুকধারী। এরপর সে গাড়ি চালিয়ে এগিয়ে গিয়ে বিভিন্ন স্থানে গাড়িতে থাকা লোকজন ও পথচারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে সে তার গাড়ি ফেলে একটি পোস্টাল ট্রাক চুরি করে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে নিহত হয় সে। মধ্য ত্রিশের শ্বেতকায় এই বন্দুকধারীর হামলার উদ্দেশ্য পরিষ্কার হয়নি।

এবারের ঘটনায় যে ২১ জন আহত হয়েছেন তাদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহতদের সবাই গুলিতে জখম হয়েছেন এমন নয়, তাদের অনেকে গুলির আঘাতে ভেঙে যাওয়া গাড়ির গ্লাসের আঘাতেও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ওডেসা মেডিকেল সেন্টার হাসপাতাল জানিয়েছে, সেখানে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে দুই বছরের কম বয়সী একটি শিশুও ছিল। এখানে ভর্তি হওয়া সাত আহতের অবস্থা সঙ্কটজনক ও আরও দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তারা।

এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল বার তাকে টেক্সাসের ঘটনার বিষয়টি জানিয়েছেন এবং এফবিআই ও আইন প্রয়োগকারীরা ঘটনা তদন্ত করে দেখছে।

চার সপ্তাহ আগে টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের সিয়েলো ভিস্তা শপিংমলে আরেক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়েছেন।

গত ৩ আগস্ট স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে এলপাসো শহরের সিয়েলো ভিস্তা শপিংমলে ওয়ালমার্টের একটি দোকানে ওই বন্দুক হামলা হয়।

ওই ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড চালিয়েছেন। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস (২১)।

সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, কালো টি-শার্ট পরে এ নৃশংস হামলা চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল। মার্কিন সম্প্রচারমাধ্যমগুলোও একই ছবি প্রচার করেছে।

আটক ২১ বছর বয়সী সন্ত্রাসী প্যাট্রিক ক্রুসিয়াস ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারণা করছেন।

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’ বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেখানে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন অনাহুত। তার গৃহীত নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা বলে মনে করে থাকেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...