রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ডাকে কাদেরের সাড়া
Posted by: News Desk
March 3, 2019
এমএনএ রিপোর্ট : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করেছেন গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে আসার পর ওবায়দুল কাদেরকে ডাকেন। এসময় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মিটমিট তাকানোর চেষ্টা করেন তিনি। এরপর যখন রাষ্ট্রপতি আসেন তখন পুরোপুরি তাকিয়েছেন তিনি।
সেতুমন্ত্রীর অসুস্থের খবর শুনে রাজশাহী থেকে ঢাকায় ফিরে সরাসরি হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টা ৩৩ মিনিটে বিএসএমএমইউতে পৌঁছেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান। এসময় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এবং চিকিৎসার সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়।
সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।
লাইফ সাপোর্টে থাকা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কাদের কাদের বলে ডাকতেই চোখের পাতা নড়ে উঠে। এতে হতবাক হয়ে যায় আশপাশে থাকা সবাই।
আজ রবিবার বিকালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে দেখতে আসেন। এ সময় কাদেরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের শয্যাপাশে দাঁড়িয়ে কাদের কাদের বলে ডাকতেই চোখের পাতা নড়ে উঠে ওবায়দুল কাদেরের। এ সময় উপস্থিত সবাই বিস্মিত হয়ে যান।
আইসিইউর ভেন্টিলেশন সাপোর্টে থাকা যে ব্যক্তিটি সকাল থেকে মৃতপ্রায়, সে লোকটি কিনা প্রধানমন্ত্রীর ডাকে চোখের পাতা নাড়ালেন, এটা কি ভ্রম নাকি কাকতলীয়ভাবে নেত্রীর ডাকে সাড়া দেয়া। এরপর নেত্রী আরও দু-একবার ডাকলেন কিন্তু আর কোনো সাড়া নেই তার।
এরপরপরই ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এছাড়া হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা।
এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরকে ডাকলে অল্প অল্প সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।
ডাকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি কাদেরের সাড়া 2019-03-03