রাষ্ট্রপতির কোটায় সচিব হলেন পিআইও কামরুন নাহার
Posted by: News Desk
January 22, 2019
এমএনএ রিপোর্ট : প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) কামরুন নাহারকে রাষ্ট্রপতির কোটায় সচিব নিয়োগ দিয়েছে সরকার। তাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় যোগদানে তারিখ থেকে প্রেষণে সচিব নিয়োগ দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।
অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে তিনি তার ক্যাডারের নিজ পদে ফিরবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
কামরুন নাহার ২০২০ সালের ২৯ নভেম্বর অবসরে যাবেন। তিনি বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। কামরুন নাহার এর আগে তথ্য অধিদপ্তরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১৯৬১ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন কামরুন নাহার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে অনার্স ও মাস্টার্স ডিগ্রি ছাড়াও তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করেছিলেন।
তার স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত।
অন্যদিকে সোমবার পৃথক আদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শারমীন বেনুকে সরকারের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে। নিয়মানুযায়ী সচিব করে পদায়ন করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোন মন্ত্রণালয় বা বিভাগে পদায়ন করা হয়নি।
হলেন পিআইও কোটায় কামরুন নাহার রাষ্ট্রপতির সচিব 2019-01-22