রোমাঞ্চের পর সিরিজ জিতল নিউজিল্যান্ড
Posted by: News Desk
September 4, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ থাকার পরে অবশেষে শেষ হাসি হাসল নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছেন কিউইরা। এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টিম সাউদির দল। প্রথম ম্যাচে লংকানদের ৫ উইকেটে হারান সফরকারীরা।
গতকাল মঙ্গলবার পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলংকা। সর্বোচ্চ ৩৯ রান করেন নিরোশান ডিকভেলা। অভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৩৭ রান। এ ছাড়া কুশল মেন্ডিস করেন ২৬ রান। নিউজিল্যান্ডের হয়ে সেথ র্যান্স নেন ৩ উইকেট। টিম সাউদি ও স্কট ক্রুগগিলেইন শিকার করেন ২ উইকেট। ইশ সোধি ঝুলিতে ভরেন ১ উইকেট।
জবাবে শেষ ওভারে গড়ানো লড়াইয়ে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। তবে শুরুতে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে চাপ সামাল দেন কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্রুস। তাদের ব্যাটিং দৃঢ়তায় জয়ের দিকে এগোয় কিউইরা। দুজনে গড়েন ১০৯ রানের পার্টনারশিপ। ইতিমধ্যে দুজনই অর্ধশতক তুলে নেন।
দলীয় ১৪৭ রানে হঠাৎ করে আউট হন নিউজিল্যান্ড। সাজঘরে ফেরার আগে খেলেন ৫৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ব্রুসও। ব্যক্তিগত ৫৩ রান করে রানআউটে কাটা পড়েন তিনি। সেই রেশ না কাটতেই ফেরেন ড্যারিল মিচেল। ফলে ম্যাচ জমে ওঠে।
কিন্তু বিপদ বাড়তে দেননি মিচেল স্যান্টনার ও টিম সাউদি। ফলে ধীরে ধীরে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় নিউজিল্যান্ড। সাউদিকে নিয়ে শক্ত হাতে বাকি কাজটুকু সারেন স্যান্টনার। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে জয়ের বন্দরে (১৬৫) নোঙর করেন তারা। স্যান্টনার ১০ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকার হয়ে সফরকারীদের বুকে কাঁপন ধরান আকিলা ধনঞ্জয়া। তিনি শিকার করেন ৩ উইকেট। ইসুরু উদানা ও হাসারাঙ্গা ডি সিলভা নেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬১/৯ (মেন্ডিস ২৬, পেরেরা ১১, ফের্নান্দো ৩৭, ডিকভেলা ৩৯, শানাকা ০, জয়াসুরিয়া ২০, হাসারাঙ্গা ১১, উদানা ১৩, দনাঞ্জয়া ০, মালিঙ্গা ০*; সাউদি ৪-০-১৮-২, র্যান্স ৪-০-৩৩-৩, কুগেলেইন ৪-০-৩৮-২, স্যান্টনার ৪-০-৩৪-০, সোধি ৪-০-৩৪-১)
নিউজিল্যান্ড : ১৯.৪ ওভারে ১৬৫/৬ (মানরো ১৩, সাইফার্ট ১৫, কুগেলেইন ৮, ডি গ্র্যান্ডহোম ৫৯, ব্রুস ৫৩, মিচেল ১, স্যান্টনার ১০*, সাউদি ০; মালিঙ্গা ৪-০-৩৯-০, দনাঞ্জয়া ৪-০-৩৬-৩, জয়াসুরিয়া ২-০-২২-০, সান্দাকান ৪-০-১৬-০, উদানা ৩-০-১৮-১, হাসারাঙ্গা ২.৪-০-৩২-১)
ফল : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ : টিম সাউদি
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০এ এগিয়ে নিউজিল্যান্ড
জিতল রোমাঞ্চের নিউজিল্যান্ড সিরিজ 2019-09-04