Don't Miss
Home / আজকের সংবাদ / রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ রিপোর্ট : রোহিঙ্গা সঙ্কট সমাধানের লক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সোমবার বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে প্রতিনিধিদলটি রওনা করে বলে বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পরিদর্শক ইকবাল হোসেন জানিয়েছেন।

এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন।

নিরাপত্তা নিয়ে মিয়ানমারের উদ্বেগ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর হলেও রোহিঙ্গা সংকট নিয়েও তিনি দেশটির বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ‘বর্ডার লিয়াজোঁ অফিস’ স্থাপনসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
এর আওতায় সীমান্তের দুদিকে নিজ নিজ দেশের সীমান্তরক্ষীদের লিয়াজোঁ অফিস থাকবে। সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে দুই লিয়াজোঁ অফিস পরস্পরের সঙ্গে যোগাযোগ করে তা নিরসনের চেষ্টা করবে।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে নিয়মিত নিরাপত্তা সংলাপ করার লক্ষ্যে পৃথক একটি এমওইউ সই করার চেষ্টা করা হবে। প্রতি বছর এ সংলাপ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশে, পরের বছর মিয়ানমারের রাজধানীতে সংলাপ হবে। নিরাপত্তাসংক্রান্ত সমস্যাদি পর্যালোচনা করাই এ সংলাপের লক্ষ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের শেষ দিন অং সান সু চির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দ্রুত ফেরত নেয়ার বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া এসব রোহিঙ্গার কারণে বাংলাদেশে কী ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে তাও তুলে ধরা হবে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে শান্তিপূর্ণভাবে চলতে চায় সে বার্তাও দেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন আইজিপি একেএম শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল উদ্দীন, স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) শামসুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হারুনুর রশীদ বিশ্বাস, উপসচিব আবু হেনা মোস্তফা জামান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।
এ নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিশেষ দূত দেশটির দপ্তরবিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে গত ১ অক্টোবর ঢাকায় এসেছিলেন।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...