Don't Miss
Home / আইন আদালত / লতিফ সিদ্দিকীর জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত

লতিফ সিদ্দিকীর জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত

এমএনএ রিপোর্ট : বগুড়ায় দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে একই সঙ্গে দুদককে এই সময়ের মধ্যে লিভ টু আপিলেরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

এতে বলা হয়, মন্ত্রী থাকাকালে লতিফ ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জুট করপোরেশনের অধীনে থাকা বগুড়ার আদমদীঘির রানীনগর ক্রয় কেন্দ্রের ২ দশমিক ৩৮ একর জমি দরপত্রের বিজ্ঞপ্তি ছাড়াই বেগম জাহানারা রশিদ নামে এক নারীর কাছে বিক্রির নির্দেশ দেন, তাতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়।

মামলায় বেগম জাহানারা রশিদকেও আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

গত ২০ জুন লতিফ সিদ্দিকী এ মামলায় বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে লতিফ সিদ্দিকীর অসুস্থতার কথা উল্লেখ করে তার স্ত্রী গত ৩০ জুন হাইকোর্টে জামিন আবেদন করেন। কয়েক দফা ব্যর্থ হয়ে গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে অন্তর্বর্তী জামিন পান তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...